মেহেরপুরের গাংনী সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার (৭ আগষ্ট) ভোরে গাংনী ধলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবির প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। ছিপছিপ বৃষ্টির সুযোগে বিএসএফ মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের এই চেষ্টা চালায় বলে জানান বিজিবি।
বিজিবির কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৩ এর ৩ এর সাব পিলার হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলার মাঠ দিয়ে ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা ৪ জন পুরুষ ও ১ জন মহিলাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ’র পুশইনের সেই চেষ্টা ব্যর্থ হয়।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান, তারা সীমান্তে অবস্থান করছেন। কোনভাবেই সীমান্তে অবৈধ পুশইন করতে দেয়া হবে না। বর্তমানে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যাদের পুশইনের চেষ্টা করেছিলেন তারা বর্তমানে কাঁটাতারের কাছেই অবস্থান করছে। পুশইন প্রতিরোধে বিজিবি সাথে গ্রামবাসীও প্রস্তুুত রয়েছে। সারাদিন রাত বৃষ্টির মধ্যেও গ্রামবাসী বিজিবিরর সাথে অতন্দ্রপ্রহরী হয়ে ছিলো। বিএসএফ বৃষ্টির সুযোগে বিভিন্ন সীমান্ত দিয়ে সারাদিন পুশইনের চেষ্টা করলে গ্রামবাসী গণপ্রতিরোধ গড়ে তুলেছিলো। তারা কোনভাবেই সীমান্তে পুশইন করতে দেবে না বলে জানান।