পুশ-ইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ বিজিবি প্রধানের

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার (২২ নভেম্বর) সকালে বাহিনীর মহাপরিচালক প্রথমে কুমিল্লা সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) ঘুরে দেখেন। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তাব্যবস্থা ও টহল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এরপর বিজিবি মহাপরিচালক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ও আখাউড়া বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন। সেখানে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সীমান্তের স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখা এবং অবৈধ অনুপ্রবেশসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক। তিনি সীমান্ত অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পুশ-ইন ঠেকানো, বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ রোধ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার বিষয়ে প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক নির্দেশনা দেন।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কেরা উপস্থিত ছিলেন।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত