সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে স্মৃতি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার বটতলী বাজার এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্মৃতি আক্তার (২০) ওই এলাকার মো. নাঈমুর হকের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে খাওয়া দাওয়া শেষ করে স্মৃতি আক্তার ঘুমাতে যান। শুক্রবার সকালে উঠতে দেরি হওয়ায় স্বজনেরা তাকে ডাকাডাকি করেন। এসময়ে তার সাড়া না পেয়ে জানালা দিয়ে তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর সৈয়দপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।