জামায়াত আমির

সরকারের কর্মকাণ্ডে অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে

সরকারের কর্মকাণ্ডে অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

তিনি বলেন, সরকার যে চালাবে আর বিরোধী দলেও যারা থাকবে, জনগণ বিবেচনায় নিবে পাঁচ বছর। এরপরেই জনগণ তার বিচার করে রায় দেবে। আমরা রায়ে বিশ্বাসী। বর্তমান সরকার কেমন করছে তারা ব্যর্থ না স্বার্থক তা জনগণ এখনই বলছে আমরা বলব না, এই অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। সরকার যদি আমাদের সহযোগিতা চাইত তাহলে অনেক সমস্যার সমাধান হতো বলে বিশ্বাস করি।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির এসব কথা বলেন।

কালোকে কালো সাদাকে সাদা বলার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমিও কালো হলে আমাকে ছাড় দিয়ে কথা বলবেন না। জাতির এই চতুর্থ স্তম্ভটা যদি কার্যকর থাকে, তাহলে ফাংশনিং থাকে আমরা আশা করব রাষ্ট্রযন্ত্রের সবগুলো বিষয় ফাংশনিং থাকবে, এই জায়গাটা যদি দুর্বল থাকে তাহলে রাষ্ট্রযন্ত্রের কাছে ভালো কিছু আশা করবেন না, এটা হবে না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার ভুল করে না শুদ্ধ করে তা কে বলবে, বলবেন তো আপনারা? সেই জায়গাটা যখন অক্ষুন্ন থাকবে, বলিষ্ট হবে দেশ তখন সামনের দিকে এগিয়ে যাবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না। বরং তিনি কেন বলছেন আমি ঢুকে যাবো। এটা সরকার ভালো বলতে পারবে।

সাংবাদিককে উল্টো প্রশ্ন করে তিনি বলেন, আপনি এই প্রশ্নটা সরকারের কোন মন্ত্রী আসলে তাকে করবেন। আপনার মতো আমাদেরও দাবি সরকারের নিজ দায়িত্বে তাকে আনা উচিত। তার বিরুদ্ধে যে রায় হয়েছে তার বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে, সেগুলো তাকে ফেইস (মুখোমুখি) করতে দেওয়া উচিত। তবে আমরা একথা সব সময় বলে থাকি, বিচার হবে নায্যতার ভিত্তিতে অনায্য কোনো বিচার চাই না।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের আমির মওলানা রেজাউল করিম, জামায়াত ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমসহ দলের নেতারা।