শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাকে অতিরিক্ত ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। শিশু নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে মেটার বিরুদ্ধে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক দণ্ড।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দেওয়া রায়ে বিচারক ব্রায়ান বিডশেইড বলেন, মেটা এমন একটি ‘জনস্বার্থবিরোধী উপদ্রব’ তৈরি করেছে, যা বায়ুদূষণের মতো সমাজের জন্য ক্ষতিকর। তিনি নির্দেশ দেন, এই অর্থ ভবিষ্যতে শিশুদের ক্ষতি কমাতে একটি বিশেষ তহবিলে জমা দিতে হবে।
এর আগে একই মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। নতুন জরিমানাসহ কোম্পানিটির মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন ডলার।
রায়ে বিচারক বলেন, একটি কারখানা যেমন পণ্য উৎপাদনের পাশাপাশি দূষণও সৃষ্টি করে, তেমনি মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ও কনটেন্টের পাশাপাশি শিশুদের মানসিক ক্ষতি এবং যৌন শোষণের ঝুঁকিও তৈরি হয়েছে।
বিচারক বলেন, মেটার কার্যক্রমের প্রভাব এতটাই ব্যাপক যে তা জনস্বাস্থ্য ও জননিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ দিয়ে শিশুদের মানসিক ও আচরণগত সমস্যার চিকিৎসা, কাউন্সেলিং এবং পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করা হবে। এর মধ্যে ৪২০ মিলিয়ন ডলার ব্যয় হবে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসা ও সহায়তায়। এছাড়া শিক্ষক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমেও অর্থ ব্যয় করা হবে।