রণধীর জয়সওয়াল

দিল্লিতে দেওয়া হাসিনার বক্তব্য ‘সমর্থন করে না’ ভারত

‘ওই অনুষ্ঠানের বক্তব্যের দায়ভার ভারত সরকারের নয়। এ আয়োজনের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততাও ছিল না।’

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

দিল্লিতে ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদমাধ্যমের সঙ্গে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি প্ল্যাটফর্ম বা সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে দেওয়া কোনো বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না।

বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ওই অনুষ্ঠানের বক্তব্যের দায়ভার ভারত সরকারের নয়। এ আয়োজনের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততাও ছিল না।

এর আগে ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে সরাসরি সংলাপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা বাংলাদেশের রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে ‘বিষোদ্গারমূলক বক্তব্য’ দিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অনুষ্ঠানের সম্ভাব্য প্রভাব নিয়ে আগেই ভারত সরকারের কাছে উদ্বেগ জানিয়েছিল ঢাকা। এরপরও অনুষ্ঠানটি প্রকাশ্যে আয়োজনের অনুমতি দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার এমন উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি ‘গুরুতর অপমান’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত