বাউল গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ বাউলশিল্পী পহেলি ভৈরবী।
শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তাঁর বয়স হয়েছিল ১৯ বছর।
পহেলি ভৈরবী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডীবের গ্রামের কালু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার ছাবাল শাহ মাজারে বাউল গানের অনুষ্ঠানে অংশ নেন তিনি। সারারাত গান পরিবেশন শেষে শুক্রবার ভোরে ইউনিক পরিবহনের একটি বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
সকাল সাড়ে সাতটার দিকে কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পহেলি ভৈরবীসহ সাতজন নিহত হন। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অল্প বয়সেই বাউল গানের জগতে পরিচিতি পেয়েছিলেন পহেলি ভৈরবী। বিভিন্ন মাজার ও লোকসংগীতের আসরে নিয়মিত গান পরিবেশন করতেন তিনি।
সারারাত গান গেয়ে ভোরে বাড়ির পথে যাত্রা শুরু করেছিলেন পহেলি। কিন্তু সেই যাত্রাই তাঁর জীবনের শেষযাত্রা হয়ে গেল। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সহশিল্পীদের মধ্যে শোক নেমে এসেছে।