শিল্পকলায় ১২-১৩ আগস্ট মঞ্চায়ন হবে ‘এককোটি মনোয়ারা’

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম

নাট্যদল পালাকারের নতুন প্রযোজনায় সমকালীন রাজনৈতিক প্রতীকী নাটক ‘এককোটি মনোয়ারা’ আগামী ১২ ও ১৩ আগস্ট মঞ্চস্থ হতে যাচ্ছে। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হবে।

শুক্রবার (৭ আগস্ট) সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশিষ্ট নাট্যকার বদরুজ্জামান আলমগীরের রচনায় ও মীর মেহবুব আলম নাহিদের নির্দেশনায় নির্মিত এই প্রযোজনাটি ব্যক্তি, রাষ্ট্র, ন্যায়বিচার, স্মৃতি, মাতৃত্ব, প্রতিরোধ এবং মানুষের অদম্য বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নাটকটি নির্মিত হয়েছে। 

এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন একামণি ঘোষ, মনিষা ঘোষ, ফাহমিদা মল্লিক শিশির, মুনিরা অবনী, চারু পিন্টু, রমিজ পাটোয়ারী, তাজিন বিনতে খালেদ দৃষ্টি, টগর তিহান, তানজিদা ইসরাত জাহান ঋতু, জ্যাকলিন কাব্য।

নাটকের গল্পসংক্ষেপ

একটি রুদ্ধদ্বার মিলনায়তন। মুহূর্তের মধ্যে সেটিই পরিণত হয় এক প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে, কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদের নীরব বিবেক?

দুই আইনজীবীর তর্ক, ইতিহাসের খ-চিত্র, স্মৃতির অনুরণন এবং সমকালীন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক সাধারণ মানুষের অসাধারণ গল্প। শ্রমজীবী আবুল ফজলের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোখসানার অন্তহীন প্রতীক্ষা এবং এক প্রান্তিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম ক্রমে ব্যক্তিগত বেদনার সীমা অতিক্রম করে একটি জাতির প্রশ্নে পরিণত হয়।এই নাটকে রাষ্ট্র, ক্ষমতা, বিচার, স্মৃতি, মাতৃত্ব, প্রতিরোধ এবং মানুষের অদম্য বেঁচে থাকার আকাক্সক্ষা এক অনন্য নাট্যভাষায় মিলেমিশে যায়। বাস্তবতা ও প্রতীকের সংমিশ্রণে নির্মিত এই আখ্যান দর্শককে শুধু একটি গল্প শোনায় না; বরং এমন কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, যেগুলোর উত্তর খুঁজে নিতে হয় নিজের ভেতরেই। কিন্তু কে এই মনোয়ারা? তিনি কি একজন অনাগত শিশু, একজন মা, নাকি একটি স্বপ্ন? কেন একজন মনোয়ারা ধীরে ধীরে হয়ে ওঠে এককোটি মনোয়ারা? কী সেই শক্তি, যা ব্যক্তিগত বেদনা থেকে জন্ম দেয় সম্মিলিত প্রতিরোধের? একটি বিচার এখনও শেষ হয়নি। একটি অপেক্ষাও এখনও ফুরোয়নি।হয়তো সেই বিচার ও সেই অপেক্ষার সাক্ষী হতে নাটকটি দেখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত