নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে ফুফাত ভাই।
নাবিল মনেহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে আর তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নোয়াদিয়া এলাকায় সড়কে ঘুরতে বের হয়েছিল নাবিল ও তাওহীদ। এর একপর্যায়ে নির্জন সড়কটির একটি ডোবায় পড়ে যায় নাবিল। তাকে তুলতে গিয়ে তাওহীদও ডোবায় ডুবে যায়।
কিছুক্ষণ পর একজন ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে তাকে টেনে তোলার সময় দেখা যায় তার হাতে অপর আরেক শিশুর হাত ধরা। এসময় স্থানীয় লোকজন ওই শিশুটিকেও পানির নিচ থেকে উদ্ধার করে। পরে দুই শিশুকেই পার্শবর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে দুই শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।