বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী, কোনো দলের নয়, এটি এ দেশের সকল শ্রেনী-পেশার মানুষের আন্দোলনের ফসল।
কিন্তু জামায়াত-এনসিপি জুলাই সনদের কথা বলে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। যার কারণে তারা বলে যে ‘আমাকে মারো,’ মারলে তারা সিম্প্যাথি পাবে, এই জন্য তারা অশ্লীল ভাষায় বর্তমান প্রধানমন্ত্রীসহ বিএনপির বিরুদ্ধে তারা বিষোদগার করার চেষ্টা করছে।
শুক্রবার (৭ আগস্ট) নরসিংদী জেলা বিএনপি আয়োজিত শিশু একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়াত-এনসিপি দিশেহারা হয়ে পড়েছে। তারা নন-ইস্যুকে ইস্যু করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। কার স্বার্থে করতে চাচ্ছে, আবার কী তারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায়। জনগণ এটা কোনো দিনও হতে দিবে না।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জুলাই আন্দোলনে শহীদের পরিবারের সদস্য ও আহতরা।
আলোচনা সভা শেষে, জুলাই আন্দোলেন শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় শহীদদের পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।