অন্য প্রতিষ্ঠানের সার্ভারে এআইয়ের অনুপ্রবেশ

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরীক্ষার সময় দুটি উন্নত এআই মডেলের একটি স্বায়ত্তশাসিত এজেন্ট নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ ছাড়িয়ে উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশ করে। অন্য একটি এআই প্রতিষ্ঠানের সার্ভারে অনুপ্রবেশ করে। কোম্পানির দাবি, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য এজেন্টটি চুরি করা লগইন তথ্য এবং আগে অজানা একটি নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করেছিল। ওপেন এআই ঘটনাটিকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করলেও জানিয়েছে, যদিও এতে কোনো ক্ষতিকর উদ্দেশ্য ছিল না এবং বিষয়টি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হাগিং ফেসের সহপ্রতিষ্ঠাতা ক্লেমঁ দেলাঁগও এটিকে অনিচ্ছাকৃত ঘটনা বলে মন্তব্য করেছেন। তবে এই ঘটনার পর এআই নিরাপত্তা ও স্বয়ংক্রিয় এজেন্টের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা উন্নত এআই মডেল উন্মুক্ত করার আগে স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা বাধ্যতামূলকভাবে প্রকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, দ্রুত উন্নত হতে থাকা এআই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কার্যকর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যত দ্রুত বাড়ছে, ততই বাড়ছে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ। নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে গিয়ে কোনো এআই সিস্টেমের স্বতন্ত্রভাবে পদক্ষেপ নেওয়ার দাবি প্রযুক্তি বিশ্বে নতুন প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে এমন ঘটনা বাড়লে সাইবার নিরাপত্তা, গোপনীয়তা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।