কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পূর্ণ নতুন এবং পরীক্ষাগারে বংশবিস্তার করতে সক্ষম ভাইরাস তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। বিজ্ঞানীরা বলছেন, এই প্রথমবারের মতো এআই পুরো একটি ভাইরাসের জিনোম নকশা করেছে, যা বাস্তবে কার্যকর প্রমাণিত হয়েছে। তবে এই সাফল্যের পাশাপাশি জৈবনিরাপত্তা ও অপব্যবহারের ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। গবেষণার ফলাফল বৃহস্পতিবার বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়েছে।
গবেষকরা জানান, এআইয়ের মাধ্যমে তৈরি করা ১৬টি নতুন ভাইরাস পরীক্ষাগারে সফলভাবে ব্যাকটেরিয়াকে সংক্রমিত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। এগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়। এগুলো ব্যাকটেরিওফাজ বা সংক্ষেপে ফাজ, অর্থাৎ এমন ভাইরাস যা কেবল নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াকে আক্রমণ করে।
গবেষকদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নতুন ধরনের চিকিৎসা উদ্ভাবনে সহায়ক হতে পারে। বর্তমানে বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধকে অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ব্রায়ান হাই বিবিসিকে বলেন, এটি জেনারেটিভ এআইয়ের সক্ষমতার এক নতুন ধাপ। আগে এআই দিয়ে নতুন অ্যান্টিবায়োটিক তৈরির চেষ্টা হয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো একটি সম্পূর্ণ জিনোম নকশা করা হয়েছে, যা নিজে প্রতিলিপি তৈরি করতে পারে এবং কোষের ভেতরে কার্যকরভাবে কাজ করে।
গবেষকরা ইভো-১ ও ইভো-২ নামে দুটি এআই মডেল ব্যবহার করেন। ভাষাভিত্তিক এআই যেমন পরবর্তী শব্দ অনুমান করে, তেমনি এই মডেলগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, উদ্ভিদ ও মানুষের জিনগত তথ্য বিশ্লেষণ করে নতুন জিনগত বিন্যাস তৈরি করে। এরপর গবেষকরা সম্ভাবনাময় ৩০২টি নকশা পরীক্ষাগারে তৈরি করেন। এর মধ্যে ১৬টি ই. কোলাই ব্যাকটেরিয়া ধ্বংসে সফল হয়।