থাইল্যান্ডে স্কুলে ছাত্রের এলোপাতাড়ি গুলি, নিহত ৭

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:২৩ এএম

থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। পরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলে হামলার আগে ওই শিক্ষার্থী নিজের দাদা-দাদিকেও গুলিতে হত্যা করে।

পুলিশ জানিয়েছে, ১৪ বছর বয়সী ওই হামলাকারী অন্তত ২৬টি গুলি ছুড়েছে এবং তার কাছে আরও ৩৪টি গুলি পাওয়া গেছে। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তার দাদার ছিল। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। ননথাবুরির প্রাদেশিক পুলিশপ্রধান দেচরাপি কংডি জানান, বন্দুকধারী ছিল নবম শ্রেণির ছাত্র। থাইল্যান্ডে এই শ্রেণির শিক্ষার্থীদের বয়স ১৪ বছরের কাছাকাছি হয়ে থাকে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী পাত্তানা প্রমফাত জানান, স্কুলে হামলা করার আগে ওই শিক্ষার্থী বাড়িতে নিজের দাদা ও দাদিকে গুলি করে হত্যা করে। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

১৮ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, শুরুতে তিনি গুলির শব্দ বুঝতে পারেননি। তার ধারণা হয়েছিল, হয়তো বাইরে আতশবাজি ফুটছে বা কেউ কোনো বস্তুর ওপর আঘাত করছে। ওই শিক্ষার্থী আরও বলেন, ‘শুরুতে আমি বুঝতে পারিনি যে এটি বন্দুকের গুলি। একের পর এক গুলির শব্দ হচ্ছিল। এরপর কিছুক্ষণ শান্ত ছিল। তারপর আবার গুলির শব্দ শুরু হয়।’

থাইল্যান্ড পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ত্রাইরং ফোফান বলেন, স্কুলে নিহত সাতজনের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও আছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

জরুরি সেবাকর্মীদের প্রকাশ করা ছবিতে দেখা যায়, স্কুল থেকে আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে আসছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা কাজ করছেন। একটি ছবিতে একজনকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। আরেকজনকে চিকিৎসাকর্মী প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় আসা ছবিতে দেখা যায়, অনেক শিক্ষক একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

৪৭ বছর বয়সী জরুরি সেবাকর্মী কিয়াতিকুন ভেরাপংপ্রাদিত বলেন, ‘আমরা দ্রুত ওপরে উঠে দেখি, হামলাকারী নিজের মাথার ডান পাশে গুলি করেছে এবং মাটিতে লুটিয়ে পড়েছে। আমরা সেখানে পৌঁছে তার নাড়ি পরীক্ষা করি, তখনো স্পন্দন ছিল। তাই আমরা সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করি।’ পরে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।

দেশটির শিক্ষামন্ত্রী প্রসার্ট জান্তারারুয়াংথং বলেন, নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী উভয়ই আছে। পুলিশ হামলাকারীকে ওই স্কুলেরই এক শিক্ষার্থী হিসেবে শনাক্ত করেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত ভয়াবহ ঘটনা। যারা নিহত হয়েছেন, তাদের জন্য আমি শোকাহত। আমাদের দেশে এমন ঘটনা ঘটেছে, এর জন্যও আমি দুঃখিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত