সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গেই দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। আর্সেনালের জোরালো আগ্রহ ও দলবদলের বাজারে চলা নানা গুঞ্জনকে পাশ কাটিয়ে লস ব্লাঙ্কোসদের নতুন মেগা চুক্তিতে সই করেছেন ২৬ বছর বয়সী এই তারকা। এতে ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন তিনি।
চলতি দলবদলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল তাদের আক্রমণভাগ আরও ধারালো করতে ভিনিসিয়ুকে নিয়ে বড় ছক কষেছিল। চুক্তি নবায়ন নিয়ে রিয়ালের সঙ্গে আলোচনা একসময় বেশ দীর্ঘায়িত হওয়ায় আগামী গ্রীষ্মে তাকে ফ্রি এজেন্ট হিসেবে পাওয়ার স্বপ্ন দেখছিল গানার্সরা। ভিনির ক্যাম্প থেকেও ইতিবাচক সংকেত ছিল। তবে বুধবার ক্লাব কর্তাদের সঙ্গে এক জরুরি ও সফল বৈঠকের পর সব দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটে। রিয়াল মাদ্রিদ তাদের আগের অফার বাড়িয়ে ভিনির চাহিদা অনুযায়ী নতুন এবং আকর্ষণীয় আর্থিক প্রস্তাব পেশ করায় স্বস্তি ফেরে তার শিবিরে।
অবশেষে বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করে যে, দুই পক্ষ আগামী ৩০ জুন ২০৩২ পর্যন্ত চুক্তি বাড়াতে একমত হয়েছে। চুক্তির পর নিজের ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় ভিনিসিয়ুস লিখেছেন, ‘বার্নাব্যুতে আট বছর কেটে গেছে, যা খুব কম মনে হয়... আরও ছয় বছর, এবং তারপর চিরকালের জন্য।’ চুক্তির ঘোষণা দেওয়া সেই বিবৃতিতে ক্লাব জানিয়েছে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সফল এক অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠেছেন ভিনিসিয়ুস জুনিয়র।’
নতুন চুক্তি অনুযায়ী, বার্নাব্যুতে ভিনির মূল বেতন বেড়ে মৌসুমপ্রতি প্রায় ২৪ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে, যা তার আগের ১৫ থেকে ১৮ মিলিয়ন ইউরোর আয়ের তুলনায় বেশ বড় লাফ। এর সঙ্গে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ জয় কিংবা ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত সাফল্যের পারফরম্যান্স বোনাস যুক্ত হলে তার মোট বার্ষিক আয় ৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত ছুতে পারে।
২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে বার্নাব্যুতে পা রেখেছিলেন ভিনিসিউস। সময়ের পরিক্রমায় তিনি রিয়ালের আক্রমণভাগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০০টি গোল। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন ৩টি লা লিগা, ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৪টি বড় ট্রফি। ২০২৪ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ী এবং ব্যালন ডি’অরের রানারআপ এই তারকার নতুন চুক্তি দলের জন্য বড় স্বস্তির খবর।
এদিকে নতুন কোচ জোসে মরিনহোর অধীনে এক নতুন বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এবারের দলবদলে মার্ক কুকুরেয়া, বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, কার্লোস এসপি, ডেনজেল ডামফ্রিসের পাশাপাশি আরবি লাইপজিগ থেকে প্রায় ১৪ কোটি ইউরো বা ১২০ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফিতে উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। মরিনহোর গড়া এই নতুন ‘সুপার টিম’-এ ভিনির দীর্ঘমেয়াদি অবস্থান দলের ড্রেসিংরুমে এনে দিয়েছে বাড়তি স্থায়িত্ব ও বড় ভরসা।