দাপুটে জয়ে তিন দলের সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং। গতকাল ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইউএসএসএর। ওপেনার জেসন মুইরহেড মাত্র ১ রান করে আউট হন। তবে লুডউইচ স্কুল্ড ও ডেভিড টিগারের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজনই ফিফটি তুলে নেন। ৫৭ বলে ৫১ রান করে স্কুল্ড বিদায় নিলেও টিগার ছিলেন আরও আক্রমণাত্মক।
তিন নম্বরে নেমে ৫৭ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে টিগার ফিরলে ইউএসএসএর ইনিংসে ধস নামে। ১২৬ রানে ১ উইকেট হারানো দলটি গুটিয়ে যায় মাত্র ১৬৬ রানে। শেষ ৪০ রান তুলতে ৯ উইকেট হারায় দলটি। বাংলাদেশের হয়ে মোহাম্মদ রিজওয়ান একাই ৪ উইকেট নেন।
১৬৭ রানের লক্ষ্য তাড়ায় মাহফিজুল ইসলাম রবিন ও হাবিবুর রহমান সোহান দ্রুত ফিরে গেলে কিছুটা শঙ্কা তৈরি হয়। ইফতিখার হোসেন ইফতিও ১৭ রান করে আউট হন। পরে শাহাদাত হোসেন দিপুর (৭৩*) সঙ্গে যোগ দেন ইরফান শুক্কুর (৫৮*)। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২১ ওভার ৫ বলেই জয় তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং দল।
