বাংলাদেশে এখনো খুব বেশি পরিচিত নয় রাগবি। তবে বিশ্বজুড়ে খেলাটির জনপ্রিয়তা এবং সম্ভাবনা সামনে রেখে দেশে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি ও তৃণমূল পর্যায়ে রাগবির বিস্তার ঘটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন (বিআরএফইউ)। বাংলাদেশ রাগবি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পরই তৃণমূলভিত্তিক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নতুন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে দেশব্যাপী ‘মিনি রাগবি’ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরের মধ্যে রাগবির ভিত্তি শক্তিশালী করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন।
বাংলাদেশের রাগবির জনক বলে খ্যাত সাবেক সাধারণ সম্পাদক মৌসুম আলী নতুন কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন আখতারুজ্জামান। অভিজ্ঞতা ও নতুন পরিকল্পনার সমন্বয়ে রাগবিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ফেডারেশন সূত্রে জানা গেছে, মিনি রাগবি কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা পর্যায়ে শিশুদের রাগবির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। স্বল্প পরিসরের এই সংস্করণ খেলাটির মৌলিক কৌশল শেখার পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরির ভিত্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে কোচ ও রেফারিদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি খেলোয়াড় উন্নয়ন কর্মসূচিও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নতুন কমিটির কর্মকর্তারা মনে করছেন, জাতীয় দলের সাফল্যের ভিত্তি গড়ে ওঠে তৃণমূল থেকে। তাই বয়সভিত্তিক খেলোয়াড় তৈরি এবং স্কুলভিত্তিক প্রতিযোগিতা বাড়ানোই হবে আগামী দিনের মূল লক্ষ্য। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন, প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা এবং রাগবিকে আরও জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হবে। সহসভাপতি মৌসুম আলী বলেন, ‘রাগবির উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।’ অন্যদিকে সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জানান, নতুন কমিটির লক্ষ্য শুধু প্রতিযোগিতা আয়োজন নয়, বরং তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা।