বাংলাদেশ ফুটবল লিগের ২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সিং আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফিফার নিষেধাজ্ঞার কারণে আবেদন করতে না পারা দেশের দুই বড় ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসকে আরও চার দিন সময় দেওয়া হয়েছে। শুক্রবার ছিল ক্লাব লাইসেন্সিং আবেদনের শেষ দিন। তবে দুই শীর্ষ ক্লাবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়িয়ে ১১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সের শর্ত পূরণের জন্য নির্ধারিত সময় ১১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করতে ক্লাবগুলোকে অনুরোধ করেছে বাফুফে।
আগস্টের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও নতুন মৌসুমের লিগ। এর আগে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। ঢাকা আবাহনীর বর্তমানে একটি ফিফা নিষেধাজ্ঞা রয়েছে।
ক্লাবটির কর্মকর্তা সত্যজিত দাস রুপু জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, ‘আমরা শেষ নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে অনেক দূর এগিয়েছি। আশা করছি ১১ আগস্টের মধ্যেই আবাহনী নিষেধাজ্ঞামুক্ত হবে।’
অন্যদিকে বসুন্ধরা কিংসের পরিস্থিতি আরও জটিল। বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটির ওপর ফিফার ১২টি নিষেধাজ্ঞা রয়েছে। তবে এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বাফুফের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে, ১১ আগস্টের পর ক্লাব লাইসেন্সিংয়ের সময় আর বাড়ানো হবে না।
ফলে নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কিংসের জন্য বড় সংকট তৈরি হতে পারে।