আয়ের শীর্ষে রোনালদো দুইয়ে মেসি

মাঠের জাদুকরী নৈপুণ্যের পাশাপাশি ফুটবলারদের সম্পদের পাহাড় গড়ার গল্পও বেশ চমকপ্রদ। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ম্যাগাজিন ‘ফোর্বস’-এর তালিকা অনুযায়ী, গত এক বছরে ৩০ কোটি ডলার বা ৩৭৫০ কোটি টাকা আয় করে ফুটবলের আয়ের সিংহাসনে একচ্ছত্র আধিপত্য পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। টানা চতুর্থবারের মতো বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলারের মুকুট ধরে রেখেছেন, এছাড়া বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারও তিনি।

ফোর্বসের তথ্যমতে, রোনালদোর মোট সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে ১২০ কোটি ডলার বা প্রায় ১৫ হাজার কোটি টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বার্ষিক আয় ১৪ কোটি ডলার বা ১ হাজার ৭৫০ কোটি টাকা। মাঠের রেকর্ডের পাশাপাশি তার মোট সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার বা প্রায় ১৩ হাজার ৭৫০ কোটির কাছাকাছি।

এছাড়া তালিকার তিনে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় ৯ কোটি ৫০ লাখ ডলার। এক বছরে ৮ কোটি ডলার আয়ে তালিকার চারে নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড আর পাঁচে থাকা ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের আয় ৬ কোটি ডলার।