সরকারের ব্যর্থতায় নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস ব্রিফিং করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। গতকাল শুক্রবার ঢাকায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শেখ হাসিনার ব্রিফিংয়ের পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিকে বাগাড়ম্বর উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি। প্রেস রিলিজে বড় বড় কথা বলতেছেন, কিন্তু কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। তারা তো ঘোষণা দিয়েই করেছে এবং দিল্লি সরকার তাদের সহযোগিতা করেছে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘ভারতীয় হাইকমিশনকে ডাকা উচিত ছিল সরকারের। কঠোরভাবে এর নিন্দা জানানো উচিত ছিল। পরে এই ধরনের ঘটনায় সরকার কী ব্যবস্থা নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে এটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল।’
যদি কাঠামোগত সংস্কার না করা হয়, তাহলে বর্তমান বিএনপি সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভেতর সে প্রবণতা আছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারেনি। জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এখনো তারা যদি আবার চেষ্টা করে তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে।’ এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।