লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অ্যান্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সি (পূর্ব ত্রিপোলি শাখা)। অপহৃত এই ব্যক্তিদের একটি গোপন আস্তানায় জিম্মি করে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে সিরীয় একজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। লিবিয়া অবজারভারের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তরের পর আদালত বিচার বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
লিবিয়া অবজারভার অ্যান্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সির অফিশিয়াল ফেসবুক পেজের বিবৃতির বরাতে জানিয়েছে, সম্প্রতি ত্রিপোলিতে আসা অভিবাসীদের অপহরণ করে তাদের পরিবারকে ব্ল্যাকমেল ও মুক্তিপণ দাবি করে আসছে একটি সুসংগঠিত আন্তর্জাতিক অপরাধী চক্র সংস্থাটির ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যারেস্ট ইউনিটের কাছে এমন গোপন তথ্য আসে। পরে সংস্থাটি তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। পাশাপাশি জিম্মিদের অবস্থান চিহ্নিত করতে নজরদারি বাড়ায়। একপর্যায়ে তদন্ত দল অপহৃত বাংলাদেশিদের অবস্থান ও এই অপরাধের পেছনে থাকা মূল সন্দেহভাজন সিরীয় নাগরিককে শনাক্ত করতে সক্ষম হয়।
অ্যান্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সি জানিয়েছে, পাবলিক প্রসিকিউশনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর তারা সরাসরি চিহ্নিত আস্তানায় অভিযান চালায়। পরে সেখান থেকে অবরুদ্ধ অবস্থায় থাকা ১৩ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে এবং এর সঙ্গে জড়িত এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিরীয় নাগরিক অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেছেন।