বিল্লাল হত্যায় বিএনপি নেতা খাজা গ্রেপ্তার

রাজধানীর মৌচাক আনারকলি মার্কেট গলিতে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকান্ডের ঘটনায় এবার বিএনপি নেতা খাজা হাবিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাহবাগ এলাকার সাবেক কাউন্সিলর (কমিশনার) ছিলেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই হত্যাকা-ের ঘটনায় এর আগে আল আমিন ও রিয়াজুলসহ রমনা থানা যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পাটোয়ারী, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম ও ১৯ নম্বর ওয়ার্ড (রমনা) ছাত্রদলের ‘টিম প্রধান’ ইসতিয়াক আলী রাকিব ওরফে গোল্ডেন রাকিবকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে তাদের  দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৮ জুন রাত পৌনে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেট গলিতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাতেই যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, যুবদল নেতা দিদারুল ও তার অনুসারীরা রাত পৌনে ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে বিল্লালের ভাগনে মোবারক হোসেনকে (আকাশ) মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল সেখানে যান। তিনি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সেখানে দিদারুলের সঙ্গে বিল্লালের কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী আম্বিয়া খাতুন মঙ্গলবার রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বিল্লাল খাবার হোটেলের ব্যবসা করতেন। তার ভাগনে মোবারক হোসেন আকাশ মৌচাকের আনারকলি মার্কেটে ব্যবসা করেন। আসামি দিদারুল ইসলাম বাবু আনারকলি মার্কেটের ফুটপাত ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ বিল ও ময়লা পরিষ্কারের বিলের নাম করে চাঁদা তুলতেন। এ নিয়ে দিদারুলের সঙ্গে বিল্লালের ভাগনে আকাশের বিরোধ চলছিল।