সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীরা ৩ লাখ এবং অন্য আহতরা ১ লাখ টাকা করে পাবেন।
শনিবার (৮ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে গিয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী বলেন, সরকারি সহায়তার জন্য বিআরটিএর মাধ্যমে একটি নির্ধারিত ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। আহত ও নিহতদের স্বজনেরা প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করে জমা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি অনুদানের টাকা দেওয়া হবে।
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে সকালে মহাসড়ক ফাঁকা থাকায় চালকেরা যাতে বেপরোয়া গতিতে গাড়ি না চালান এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় না জড়ান, সে বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। এ ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।