শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় মো. জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে মৃত টন মাহমুদের ছেলে জিন্নাত আলীর ওপর হামলা চালান তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন। তারা জিন্নাত আলীকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাত ৮টা পর্যন্ত অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চলছিল বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।