ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করল রিয়াদ এয়ার

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আনুষ্ঠানিকভাবে ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় রিয়াদ থেকে আসা রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ওয়াটার স্যালুটের মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের বিশ্বমানের ভ্রমণসেবা দেওয়াই রিয়াদ এয়ারের অন্যতম লক্ষ্য। নতুন এই রুট ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি যোগাযোগ আরও সহজ করবে।

তাঁরা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও ভ্রমণের চাহিদা বাড়ায় এই রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিয়াদ এয়ারের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ঢাকা ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালিত হবে।

স্থানীয় সময় অনুযায়ী, রিয়াদ থেকে রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে ফ্লাইটটি পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।