সুদীর্ঘ ২৪ বছর পর অনন্য ও ব্যতিক্রমী এক প্রাক-মৌসুম টুর্নামেন্টে আজ রাতেই মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। ইতালির উদিনে শহরের ব্লুএনার্জি স্টেডিয়ামে আয়োজিত প্রথম 'ফ্রিউলি ভেনেজিয়া জিউলিয়া কাপ'-এ আজ একই রাতে পরপর দুটি ম্যাচ খেলবে কাতালান ক্লাবটি।
স্পেনে "ট্রায়াঙ্গুলার" নামে পরিচিত এই টুর্নামেন্টে বার্সেলোনার সাথে অংশ নিচ্ছে স্বাগতিক উদিনেসে এবং প্রিমিয়ার লিগের দল নটিংহাম ফরেস্ট।
বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে। ম্যাচটি হবে ৪৫ মিনিটের।
এর পরপরই দ্বিতীয় ম্যাচে তারা নামবে স্বাগতিক উদিনেসের বিরুদ্ধে।
কোনো ম্যাচ ড্র হলে ফলাফল নির্ধারণে সরাসরি পেনাল্টি শুটআউট হবে। নির্ধারিত সময়ে জিতলে ৩ পয়েন্ট এবং পেনাল্টিতে জিতলে মিলবে ২ পয়েন্ট।
কাতালুনিয়ার তৃণমূল ফুটবলে এই ধরনের ৪৫ মিনিটের ত্রিদেশীয় টুর্নামেন্ট অত্যন্ত জনপ্রিয় হলেও পেশাদার ফুটবলে এটি এখন একেবারেই দেখা যায় না। বার্সেলোনা সর্বশেষ ২০০২/০৩ প্রাক-মৌসুমে আমস্টারডাম টুর্নামেন্টে এই ধরনের ফরম্যাটে খেলেছিল।
নতুন মৌসুমের আগে এশিয়া বা আমেরিকার দূরপাল্লার বাণিজ্যিক সফর এড়িয়ে ইউরোপের ভেতরেই প্রস্তুতি সারছেন হান্সি ফ্লিক।
বিশ্বকাপের ধাক্কা ও লম্বা মৌসুমের ক্লান্তি এড়াতে কাছাকাছি ভেন্যুতে খেলাকে অগ্রাধিকার দিচ্ছেন কোচ। একই রাতে দুটি আলাদা শক্তিশালী দলের বিরুদ্ধে ৪৫ মিনিট করে খেলে দলের প্রায় সব খেলোয়াড়কে পরখ করার সুযোগ পাবেন ফ্লিক।
এই ম্যাচ দুটি সরাসরি দেখা যাবে বিইন স্পোর্টস কানেক্ট ও নাও প্লেয়ার ওটিটি প্ল্যাটফর্মে।