ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজারে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে ম্যানচেস্টার সিটি। ফ্রেঞ্চ ক্লাব মার্শেই থেকে ১৭ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৩৯ লাখ টাকা ট্রান্সফার ফিতে অভিজ্ঞ আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলিকে দুই বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ইতিহাদের ক্লাবটি।
পাশাপাশি রদ্রি ক্লাব ছাড়লে মিডফিল্ডের শক্তি বাড়াতে চেলসি তারকা এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর জোরালো গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে ইতিহাদ স্টেডিয়ামে।
ঠিক ১০ বছর পর সিটিতে ফিরলেন ৩৪ বছর বয়সী রুলি। এর আগে ২০১৬-১৭ মৌসুমে ডেপোর্তিবো মালদোনেদো থেকে প্রথমবার সিটিতে চুক্তিবদ্ধ হয়ে এসেছিলেন। তবে সেবার প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি; রিয়াল সোসিয়েদাদে ধারে খেলার পর ২০১৭ সালের জানুয়ারিতে স্থায়ীভাবে সেখানেই যোগ দিয়েছিলেন।
বর্ণিল এই ক্যারিয়ারে ইউরোপের বিভিন্ন ক্লাবের গোল সামলানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রুলির ঝুলিতে। দশক ঘুরে মাঝের সময়টায় রিয়াল সোসিয়েদাদ ছাড়াও ফ্রান্সের মপেলিয়ে, ভিয়ারিয়াল, আয়াক্স ও সবশেষ খেলেন মার্শেইতে। গত দুই মৌসুম ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে ৭৩টি ম্যাচ খেলে ২০২৪-২৫ মৌসুমে দলকে লিগ ওয়ানের রানার্সআপ করতে রেখেছেন দারুণ অবদান। আটবার আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মাঠে নামা এই গোলরক্ষক সদ্য সমাপ্ত গ্রীষ্মের বিশ্বকাপে এমি মার্তিনেজের ব্যাকআপ হিসেবে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। হংকং ও দক্ষিণ কোরিয়ার প্রাক-মৌসুম ট্যুর শেষে আগামী সপ্তাহে তিনি সিটির মূল দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে রুলির এই আগমনের পাশাপাশি সিটির গোলরক্ষক বিভাগে এসেছে বড় ধরনের পরিবর্তন। গত গ্রীষ্মে ইতিহাদে যোগ দেওয়ার পর সম্প্রতি জানলুইজি দোন্নারুমার আগমন ঘটে এবং নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় কিছুটা অসন্তুষ্ট হয়ে সাড়ে চার কোটি পাউন্ডের বিনিময়ে লিডসে পাড়ি জমিয়েছেন ইংলিশ গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। তার অনুপস্থিতি ও দোন্নারুমার ব্যাকআপ হিসেবেই রুলির মতো পরীক্ষিত গোলরক্ষককে বেছে নিয়েছে ক্লাবটি। একই সঙ্গে শেফিল্ড ওয়েডনেসডে থেকে তরুণ গোলরক্ষক পিয়ার্স চার্লসকে পুনরায় দলে ভিড়িয়ে ২০২৬-২৭ মৌসুমের জন্য কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) কাছে ধারে পাঠিয়েছে সিটি।
বিশ্বকাপের শেষভাগে অংশ নেওয়া ফুটবলাররা আগামী বুধবার কোচ এনজো মারেস্কার অধীনে প্রথম ট্রেনিং সেশনে যোগ দেবেন এবং বৃহস্পতিবার ক্লাবটি একটি ওপেন ট্রেনিং সেশনের আয়োজন করবে।
এদিকে ক্লাব ছাড়ার দোরগোড়ায় থাকা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ঘিরেও চলছে নানা গুঞ্জন। বার্সেলোনার সঙ্গে তার চুক্তি চূড়ান্ত হওয়ার পথে থাকায়, রদ্রি দল ছাড়লে তার শূন্যস্থান পূরণ করতে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে জোরালো পদক্ষেপ নিতে পারে ম্যানচেস্টার সিটি।