আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন সিমেওনে

বার্সেলোনা জুলিয়ান আলভারেজকে দলে নিতে তীব্র আগ্রহ দেখালেও চলতি ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কোনোভাবেই ছাড়বে না আতলেতিকো মাদ্রিদ। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের কোচ দিয়েগো সিমেওনে।

সম্প্রতি আলভারেজকে অবৈধভাবে প্রলুব্ধ করার অভিযোগ তুলে বার্সেলোনার বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক নালিশও জানিয়েছে আতলেতিকো। ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে পেতে প্রস্তাব দিয়েছিল গানার্স খ্যাত আর্সেনালও। এছাড়া গত জুনে রিয়াল মাদ্রিদের দেওয়া ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাবও ফিরিয়ে দেয় মাদ্রিদের ক্লাবটি।

সিউল-এ ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে সিমেওনে বলেন, "পরিস্থিতি অত্যন্ত স্পষ্ট। ক্লাবের সিইও মিগুয়েল অ্যাঞ্জেল হিল মারিন এটি ভালোভাবে ব্যাখ্যা করেছেন। খেলাধুলার দৃষ্টিকোণ থেকে হুলিয়ানের মতো একজন ফুটবলারকে পেয়ে আমরা দারুণ আনন্দিত। গত দুই বছরে তিনি আমাদের যা দিয়েছেন তা অসাধারণ। আমরা তাঁকে আরও পরিপক্ক ও উন্নত ফুটবলার হিসেবে গড়ে তুলতে সাহায্য করব।"
 
বিশ্বকাপের সময় আলভারেজ ইঙ্গিত দিয়েছিলেন যে "একটি দলবদল সবার জন্যই ভালো হতে পারে", তবে তিনি নিজের পছন্দনীয় ক্লাবের নাম প্রকাশ করেননি। বিগত দুই বছরে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোতে যোগ দেওয়ার পর মোট ৪৯টি গোল করেছেন তিনি।

ট্রান্সফার গুঞ্জনের পর আলভারেজ সমর্থকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেতে পারেন—এমন প্রশ্নের জবাবে সিমেওনে অ্যান্টোইন গ্রিজম্যানের উদাহরণ টানেন। গ্রিজম্যান একসময় বার্সেলোনায় গিয়ে পুনরায় আতলেতিকোতে ফিরে এসেছিলেন এবং শুরুতে সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেও মাঠের পারফরম্যান্স দিয়ে ক্লাবের কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন, "অ্যান্টোনিওর ক্ষেত্রেও আমাদের একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাঁকে দল ছেড়ে যেতে হয়েছিল, আবার ফিরে এসে মাঠে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। আমি মাঠের খেলার বাইরে অন্য কিছু ভাবছি না।"

আগামী ১৯ আগস্ট নতুন উন্নীত হওয়া মালাগার বিপক্ষে দিয়ে লা লিগার নতুন মৌসুমে নিজেদের অভিযান শুরু করবে আতলেতিকো মাদ্রিদ। গত মৌসুমে চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ স্থানে শেষ করেছিল সিমেওনের দল।