বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে আলোচিত সেই মিসরীয় কোচ বরখাস্ত 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম

চলতি বছর বিশ্বকাপের আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল মিসর। ওই ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, ম্যাচ ‘পাতানো’র অভিযোগ এবং ফিফার সততা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মিসরীয় কোচ হোসাম হাসান ও তার দল। 

ওই ঘটনার জের ধরে গত মাসের শেষ দিকে ফিফার পক্ষ থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়; রেফারিকে নিয়ে কটূক্তি ও তীব্র সমালোচনার দায়ে মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও দলটির ডিরেক্টর ইব্রাহিম হাসানকে ৩ ম্যাচ এবং ফরোয়ার্ড মোস্তফা জিকোকে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। ঠিক এই রেশ কাটতে না কাটতেই এবার মাঠের বাইরের ব্যক্তিগত জীবনের বিতর্ক ও ইমেজে নেতিবাচক প্রভাব পড়ার কারণ দেখিয়ে কোচ হোসাম হাসানকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (এইএফএ)।

মাঠের পারফরম্যান্স কিংবা মোহামেদ সালাহদের সঙ্গে কোনো বিরোধ নয়, বরং মাঠের বাইরের ব্যক্তিগত জীবনের বিতর্কিত নানা ঘটনা এবং মিডিয়া নিষেধাজ্ঞার জেরে চাকরি হারাতে হলো এই কোচকে। 

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের জরুরি বোর্ড মিটিং শেষে গতকাল অফিশিয়াল এক বিবৃতিতে হোসাম হাসানকে বরখাস্তের কারণ হিসেবে জানানো হয়, ‘তিনি দলের ইতিবাচক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছেন।’ ওই বিবৃতিতে আরও জোরালোভাবে বলা হয়, ‘দলের স্থিতিশীলতা বজায় রাখা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার, যা কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যায় না।’

এর পেছনে মূল কারণ হিসেবে ইজিপশিয়ান মিডিয়া বলছে, কোচের ব্যক্তিগত জীবনের অপ্রীতিকর কিছু ঘটনা জনসমক্ষে চলে আসায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। উত্তর উপকূলের একটি হোটেলে সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যকার পারিবারিক দ্বন্দ্ব, হাতাহাতি এবং পুলিশ পর্যন্ত গড়ানো সেই ঘটনার জেরে মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন কোচ হোসামকে সব ধরনের গণমাধ্যমে উপস্থিত হওয়া থেকে নিষিদ্ধ করেছিল, যা জাতীয় দলের কোনো কোচের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা। 

হোসাম হাসানের বিদায়ের পর দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করেছে ইএফএ। মিসরীয় প্রিমিয়ার লিগের দীর্ঘদিনের পরিচিত মুখ এবং বর্তমানে ‘সেরামিকা ক্লিওপেট্রা’ ক্লাবের দায়িত্বে থাকা আলী মাহেরকে জাতীয় দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৩ ও ১৭ নভেম্বর ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে ‘গ্রুপ বি’-র শীর্ষ দল হিসেবে মালাউইয়ের মুখোমুখি হতে হবে মিসরকে। 

দলের এই সংকটের মুহূর্তে নতুন কোচ আলী মাহেরের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ফুটবল অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘জাতীয় দলের স্বার্থই আমাদের সবার উপরে। আমরা মিসরীয় ফুটবল ভক্ত ও সকল সমর্থককে দলের পাশে থাকার এবং এই ক্রান্তিলগ্নে দলকে ঐক্যবদ্ধভাবে সমর্থন জুগিয়ে যাওয়ার আহ্বান জানাই, যাতে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত