শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশনের কাছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ ঘটনা ঘটে।

নিহত দুজনকে স্বামী-স্ত্রী বলে জানিয়েছেন স্বজনরা। তারা হলেন— রিনা আক্তার (২৬) ও আল আমীন (৩০)। নিহত রিনা আক্তার শ্রীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। আল আমীনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ইজ্জতপুর এলাকায় রেলপথের ওপর মানুষের শরীরের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। পরে কিছুটা সামনে এগিয়ে ছিন্নভিন্ন অবস্থায় দুজনের মরদেহ দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আফাজ উদ্দীন বলেন, নিহত দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। মরদেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাদের চেহারা দেখে পরিচয় শনাক্ত করা কঠিন ছিল। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তারা রেললাইনের পাশে অবস্থান করছিলেন এবং তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। বিকেলে বলাকা ট্রেনের নিচে তারা কাটা পড়েন। তবে কীভাবে দুজনই ট্রেনের নিচে গেলেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নিহত রিনা আক্তারের ভাই সুমন আহম্মেদ বলেন, তার বোনের আগে বিয়ে হয়েছিল। পরে আল আমীনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আগের সংসার ছেড়ে তিনি আল আমীনের কাছে চলে যান। তারা বিয়ে করেছেন বলে পরিবার শুনেছিল। তবে আগের সংসার ছেড়ে যাওয়ায় পরিবারের সঙ্গে রিনার সম্পর্ক ভালো ছিল না।

সুমন আরও বলেন, রিনা ও আল আমীন দুজনই পোশাক কারখানায় চাকরি করতেন। রিনা আরবেলা ফ্যাশনে এবং আল আমীন হ্যামস গার্মেন্টসে কর্মরত ছিলেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, নারী ও পুরুষ ট্রেনের নিচে কাটা পড়েছেন—এমন খবর তিনি পেয়েছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই পড়ে ছিল বলে জানা গেছে।