অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হচ্ছে নিম্নমানের ও ভুয়া ভিডিও কনটেন্ট, যখন সোশ্যাল মিডিয়ায় জোয়ার বইছে। এগুলো এআই সøপ নামে পরিচিত। তবে এসব ভিডিও ছড়িয়ে পড়া রোধে সোচ্চার হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। স্ন্যাপচ্যাট, ইউটিউব, লিংকডইন ও সাবস্ট্যাকের মতো বিভিন্ন মাধ্যম সম্প্রতি এ ধরনের ফেক লেখা, ছবি এবং ভিডিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
স্ন্যাপচ্যাটের মালিকানাধীন প্রতিষ্ঠান স্ন্যাপ জানিয়েছে, তারা তাদের স্পটলাইট ফিডে সম্পূর্ণরূপে এআই-উৎপাদিত ভিডিও রেকমেন্ড করা বন্ধ করবে। তারা মানুষের তৈরি করা আসল কনটেন্ট প্রাধান্য দেবে। একইভাবে, তারা পেশাজীবীদের প্ল্যাটফর্ম লিংকডইন এআই দিয়ে তৈরি মন্তব্য শনাক্ত করে প্রতিদিন লাখ লাখ ভুয়া কমেন্ট ব্লক করে দিচ্ছে।
এমনকি কোনো পোস্ট এআই লেখা মনে হলে ইউজারদের রিপোর্ট করার সুযোগও যুক্ত করেছে তারা। ইউটিউব তাদের মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন এনে জেনেরিক ও বারবার তৈরি করা নিস্নমানের এআই ভিডিওর ক্ষেত্রে আয় করার সুযোগ বন্ধ করেছে। অন্যদিকে সাবস্ট্যাক নিয়ে এসেছে এআই লেখা শনাক্তকারী বিশেষ সুবিধা।
তবে প্ল্যাটফর্মগুলো এআই প্রযুক্তিকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করছে না। সম্পাদনা কিংবা মান উন্নয়নের কাজে এআই ব্যবহারে কোনো বাধা নেই। তবে মানবসৃষ্ট কনটেন্টের সত্যতা ধরে রাখার জন্য এবং ব্যবহারকারীদের নিম্নমানের এআই টেক্সট কিংবা ভিডিওর বিরক্তি থেকে রক্ষায় কনটেন্ট ফার্মিং বন্ধ করাই এখন টেক জায়ান্টগুলোর মূল লক্ষ্য।