রান্নাঘর প্রতিদিন ব্যবহার হলেও সবসময় গভীরভাবে পরিষ্কার করা হয় না। ফলে সিঙ্কে দুর্গন্ধ, কিচেন টপে তেলচিটে দাগ বা চুলার চারপাশে ময়লা জমে যায়। দামি ক্লিনারের বদলে ঘরেই থাকা কয়েকটি সাধারণ উপাদান ব্যবহার করেই সহজে রান্নাঘরকে ঝকঝকে রাখা সম্ভব। সপ্তাহে অন্তত এক দিন এই তিন উপাদান ব্যবহার করে রান্নাঘর পরিষ্কার করলে সিঙ্ক, কিচেন টপ ও অন্যান্য জায়গা দীর্ঘদিন পরিষ্কার, দুর্গন্ধমুক্ত ও ঝকঝকে থাকবে।
ভিনিগার
ভিনিগার প্রাকৃতিক ক্লিনার হিসেবে দারুণ কার্যকর। এটি তেলচিটে দাগ, পানির দাগ ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনিগার ও কুসুম গরম পানি মিশিয়ে রান্নাঘরের সিঙ্ক, কিচেন টপ বা টাইলসে স্প্রে করুন। পাঁচ মিনিট রেখে নরম কাপড় দিয়ে মুছে ফেললেই ময়লা সহজে উঠে যাবে।
বেকিং সোডা
জেদি দাগ ও দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার জুড়ি নেই। পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল, সিঙ্ক বা ড্রেন পরিষ্কারে এটি বেশ কার্যকর। সিঙ্কের ড্রেনে সামান্য বেকিং সোডা ছিটিয়ে কয়েক মিনিট পর গরম পানি ঢেলে দিলে জমে থাকা ময়লা ও দুর্গন্ধ অনেকটাই কমে যায়। ডাস্টবিনের তলায় অল্প বেকিং সোডা ছড়িয়ে রাখলেও দুর্গন্ধ নিয়ন্ত্রণে থাকে।
পাতিলেবু
পাতিলেবুর সাইট্রিক অ্যাসিড দাগ তুলতে এবং জীবাণু কমাতে সাহায্য করে। লেবু ও সামান্য লবণ দিয়ে চপিং বোর্ড ঘষে পরিষ্কার করলে দাগ ও গন্ধ দূর হয়। ছুরি, সিঙ্ক, পানির বোতল কিংবা রান্নাঘরের বিভিন্ন স্টিলের পৃষ্ঠও লেবুর রস দিয়ে পরিষ্কার করলে উজ্জ্বলতা ফিরে আসে।