গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে খুব কমই দলীয় লোককে কমিটির সভাপতি হিসেবে দেওয়া হয়েছে। যারা শিক্ষাপ্রতিষ্ঠান করছেন, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের কাছে যারা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, শিক্ষানুরাগী, তাদের দিয়েই চেষ্টা চলছে স্কুল-কলেজের কমিটি দেওয়ার। সবার সামনে ওয়াদা করছি, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কোনো দিন রাজনীতি করি নাই, করবও না।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির এজিএম, অভিষেক ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংগঠনটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, আব্দুল হক, মনীন্দ্র কিশোর মজুমদার এবং নুরুল ইসলাম মিলনসহ কার্যকরী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতিকে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত হতে হবে। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’