জিয়াউর রহমান স্বৈরাচার নন বলে ছবি রাখা হয়নি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৭:১৭ এএম

রাজধানীর মিন্টো রোডে গত ৫ আগস্ট বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন প্রাঙ্গণে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়, যা গতকাল শনিবার রাতে শেষ হয়। এতে জুলাই শহীদদের ছবি, চিঠি রয়েছে। স্বৈরশাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে আইয়ুব খান, ইয়াহিয়া খান, শেখ মুজিবুর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও শেখ হাসিনাকে। মুক্তিযুদ্ধ অংশে রাখা হয়েছে ৭ মার্চের ভাষণের ছবি। এ অংশে জেনারেল নিয়াজির রাজাকার ক্যাম্প পরিদর্শন, বাংলাদেশিদের ওপর হানাদার বাহিনীর আক্রমণ এবং সর্বশেষ বিজয় অর্জনের চিত্র উঠে এসেছে। কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি বা স্বাধীনতা ঘোষণার প্রসঙ্গ নেই।

এ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চিত্রপ্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র এবং জুলাই আন্দোলনের ছবি রয়েছে; কিন্তু সেখানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি, কথা বা পোস্টার রাখা হয়নি। বিষয়টি খুবই রহস্যজনক। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

গতকাল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রদর্শনী পরিদর্শন শেষে এ প্রসঙ্গে জামায়াত আমির বলেছেন, ‘যারা কর্তৃত্ববাদী, আগ্রাসী, জুলুমবাজ, স্বৈরাচারী ছিল আমরা তাদের এখানে তুলে এনেছি। জিয়াউর রহমান স্বৈরাচারী শাসক ছিলেন না। এ জন্য তার শাসনামল এতে রাখা হয়নি। জনগণ, শহীদ ও শহীদ পরিবারের প্রত্যাশা তুলে ধরাই ছিল এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত