ট্যাংক কাটার সময় বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ১

নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্ট কারখানায় পুরনো তেলের ট্যাংক কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শ্রমিক মহিবুল আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বিকেল ৫টার দিকে শেখ রফিককে মৃত ঘোষণা করেন। এবং মহিবুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল ক্রাউন সিমেন্ট কারখানার অ্যাডমিন এক্সিকিউটিভ মোস্তাফিজুর রহমান জানান, তারা দুজনই ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গাড়ির পুরনো তেলের ট্যাংক কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিকট বিস্ফোরণ ঘটে। এতে শেখ রফিক ও মহিবুল গুরুতর আহত হন।

মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মৃত রফিক কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঘটনাটি নারায়ণগঞ্জ বন্দর থানাকে জানানো হয়েছে। শেখ রফিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।