ছোটপর্দার জনপ্রিয় জুটি আরশ খান ও তাসনুভা তিশার রসায়ন একসময় ছিল দর্শকদের অন্যতম পছন্দের খোরাক। ‘অভিনয় নয়’, ‘আপন মানুষ’, ‘কেউ একজন তুমি’ কিংবা ‘১৬ আনা প্রেম’-এর মতো নাটকে তাদের অনস্ক্রিন ভালোবাসা মন জয় করেছিল দর্শকের। তবে হঠাৎ করেই সেই হিট জুটিকে আর একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে না। তাদের এই আড়াল হয়ে যাওয়ার পেছনে গুঞ্জন কম ছড়ায়নি! অবশেষে সম্পর্কের জমে থাকা বরফ আর পেছনের আসল কারণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাসনুভা তিশা।
শোনা যায়, মাঝের সময়টায় এই দুজনের মধ্যে লেগেছিল ঝগড়া। আরশের প্রতি ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে তার সঙ্গে পর্দায় কাজ করাই বন্ধ করে দেন তিশা। সব গুঞ্জনে ঘি ঢেলে তিশা নিজেই স্বীকার করেন সেই টানাপড়েনের কথা। তার স্পষ্ট কথা, ‘আরশের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছে। যে কারণে ওর সঙ্গে কাজ করা বন্ধ রেখেছিলাম। অনেক দিন ধরে আমাদের দেখা বা ফোনেও সেভাবে কথা হয়নি।’
তবে ভক্তদের জন্য আশার আলো, দূরত্ব ঘুচিয়ে বরফ যে কিছুটা হলেও গলতে শুরু করেছে, সেই ইঙ্গিতও দিয়েছেন এই অভিনেত্রী। তিশা নিজেই আগ বাড়িয়ে কাজের স্বার্থে মান-অভিমান ভুলে অভিমান ভাঙানোর প্রস্তাব দিয়েছেন। তিশার ভাষ্য, ‘কাজের খাতিরে আমাদের বোঝাপড়া ঠিক করে নেওয়া দরকার। কারণ দশকরা আমাদের একসঙ্গে পর্দায় দেখতে পছন্দ করেন।’
ব্যক্তিগত ক্ষোভ-অভিমান দূরে সরিয়ে রাখলেও সহশিল্পী হিসেবে আরশের দক্ষতার কথা স্বীকার করতে কুণ্ঠাবোধ করেননি তিশা। মন খুলে প্রশংসায় ভাসিয়ে বললেন, আরশ অভিনেতা হিসেবে আগের চেয়ে অনেক পরিপক্ব। প্রথম কাজের অভিজ্ঞতা আর দুবছর পরের আরশ যেন একদম আলাদা মানুষ!
ভক্তদের এখন একটাই প্রশ্ন, ক্ষোভের মেঘ সরিয়ে আবার কি জমে উঠবে তিশা-আরশের নতুন কাজের রসায়ন? পর্দায় তাদের আবার একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শক।