নিখোঁজের পর শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর সিহাব (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) সকালে জাগির ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজের পাশের একটি মাঠের শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

নিহত সিহাব মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি গ্রামের সেলিমের ছেলে। সে দীর্ঘদিন ধরে সদর উপজেলার মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার ছুটি নিয়ে সে কর্মস্থলে যায়নি। এরপর রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ৬টার দিকে ধলেশ্বরী ব্রিজের পাশের মাঠে শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা সিহাবের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।