সাকিব-হৃদয়দের থামিয়ে এলপিএলে প্রথম শিরোপা গল গ্যালান্টসের

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর আগের ছয় আসরের তিনবারেই চ্যাম্পিয়ন হয়েছিল সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়দের জাফনা কিংস। সপ্তম আসরে এসে তারা ছিল চতুর্থ শিরোপার দুয়ারে। তবে পুরো আসরে দাপট দেখালেও ফাইনালে নিস্প্রভ ছিল সাকিব-হৃদয়দের দল। তাদের ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এই ফ্রাঞ্চাইজি লিগে শিরোপা জেতে গল গ্যালান্টস।

কলম্বোতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে কেবল ১২৪ রান তোলে জাফনা। সর্বোচ্চ ৪১ রান আসে ওপেনার কামিল মিশরার ব্যাট থেকে। 

জাফনার হয়ে আগের চার ম্যাচে দারুণ পারফর্ম করলেও এদিন হাসেনি হৃদয়ের ব্যাট। ১০ বলে ১০ রান করে ফেরেন সাজঘরে। তবে আসরে ৫ ম্যাচ মিলিয়ে তার পারফর্ম বেশ নজরকাড়া। ৭৫ দশমিক ৫৯ গড়ে করেছেন ১৫১ রান, আর স্ট্রাইক রেটটাও ২০০-এর কাছাকাছি।

জবাবে ২৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গল। ওপেনার টমাস রজার্স করেন দলীয় সর্বোচ্চ ৩৪ রান আর সাকিবের বলে বোল্ড হয়ে ফেরা দিনুরা কালুপাহানা করেন ৩১ রান। 

ব্যাটিংয়ে কেবল ৯ রান করে ফিরলেও বল হাতে সাকিব এই ম্যাচে ছিলেন বেশ ইকোনমিকাল। ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। তবে দলের স্বল্প সংগ্রহে মানতে হলো পরাজয়। এই আসরে ব্যাট হাতে খুব একটা পারফর্ম করতে পারেননি সাকিব। ৯ ম্যাচে ব্যাটে নেমেছেন কেবল ৪ ইনিংসে, সেখানে মোটে করেন ৪১ রান। তবে উইকেট নিয়েছেন ১১টি।