বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন উচ্চতা ছুঁয়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে খেলেছেন ২৪২ রানের অপরাজিত ইনিংস। ভেঙেছেন দেশের হয়ে মুশফিকুর রহিমের করা আগের সর্বোচ্চ ২১৯ রানের রেকর্ড। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার। অথচ এমন ঐতিহাসিক ইনিংসকেও নিজের সেরা বলে মানতে নারাজ হৃদয়। তার কাছে এখনো বিশেষ হয়ে আছে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টানা তিনটি সেঞ্চুরি করার কীর্তি।
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন হৃদয়। ৩৫৯ বলে ২২ চার ও ১১ ছক্কায় সাজানো তার ২৪২ রানের ইনিংসটি শুধু বাংলাদেশের রেকর্ডবইয়েই নতুন অধ্যায় লেখেনি, দলকেও এনে দিয়েছে গুরুত্বপূর্ণ ৩০ রানের প্রথম ইনিংসের লিড। একসময় ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত তোলে ৩৮৬ রান। কিন্তু রেকর্ডের হাতছানি কিংবা ব্যক্তিগত মাইলফলক নিয়ে খুব একটা ভাবেননি হৃদয়। তার ভাবনায় ছিল দলকে বিপদ থেকে উদ্ধার করা।
নিজের ইনিংসের পেছনের গল্প বলতে গিয়ে আজ হৃদয় শোনালেন, 'এটা আমার ভাগ্যে ছিল। আমি আসলে চিন্তা করিনি যে আমি কাকে ছাড়িয়ে যাচ্ছি বা কী হতে পারে। ওই পরিস্থিতিতে আমার মনে হয়েছে, দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যতটুকু লড়াই করা সম্ভব, দলের জন্য সেটাই করার চেষ্টা করেছি। আমি উইকেটে থিতু হয়ে গিয়েছিলাম, আমার দিনটাও ভালো যাচ্ছিল। ব্যাটে ভালো অনুভব করছিলাম। তাই দলের জন্য যতটুকু অবদান রাখা যায়, সেই চেষ্টাই করেছি।'
তাহলে নিজের সবচেয়ে বিশেষ ইনিংস কোনটি? এমন প্রশ্নে হৃদয়ের উত্তর, 'আমার কাছে যদি জানতে চান, তাহলে বলব, অনূর্ধ্ব-১৯ দলে আমি টানা তিনটি সেঞ্চুরি করেছিলাম। আমার কাছে এখনো সেটি বিশেষ কিছু। হয়তো সেটা অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট ছিল, কিন্তু টানা তিনটি সেঞ্চুরি করা আমার কাছে এখনো অনেক বিশেষ একটি অর্জন বলে মনে হয়।'
তবে রেকর্ডগড়া ইনিংসটি যে আত্মবিশ্বাস বাড়াবে, সেটিও স্বীকার করেছেন হৃদয়। মুশফিকের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তিনি। এনিয়ে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন 'সবাই অনেক খুশি। মুশফিক ভাইও অনেক খুশি হয়েছেন। শুধু আমার জন্য নয়, দলের যেকোনো খেলোয়াড় ভালো খেললে, সে ব্যাটসম্যান হোক কিংবা বোলার, তিনি সব সময়ই অনেক খুশি হন এবং সমর্থন করেন।'
নিজের অনুভূতি জানাতে গিয়ে হৃদয় আরও বলেন, 'সত্যি বলতে, এই ইনিংসটি অবশ্যই আমাকে ভালো লাগা ও আত্মবিশ্বাস জোগাবে, যা সামনে কাজে দেবে। তবে বিশেষ ইনিংসের কথা যদি বলেন, তাহলে নির্দিষ্ট করে কোন ইনিংসটিকে আমার কাছে সবচেয়ে বিশেষ মনে হয়, সেটি বলতে চাইছি না।'
কাভেমের সেঞ্চুরি আর হাসানদের ব্যর্থতায় দিনটা উইন্ডিজের