রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দুটি মনোনয়নপত্র নিয়েছে: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দুটি মনোনয়নপত্র নিয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

আজ রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। বর্তমান ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে। সে ক্ষেত্রে বর্তমান তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে আসতে পারে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি এতে রয়েছে।

আইন সংশোধনের বিষয়টি এখনো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি জানিয়ে আখতার আহমেদ বলেন, নথিটি প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষ হলে সেটিও পাঠানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, আজ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধিদল সকালে দুটি মনোনয়নপত্র নিয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র নেয়নি।