বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বেলা ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্তরঞ্জন দেব বর্মার সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি, চুনারুঘাটের আয়োজনে অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— স্বপন মুন্ডা, হরেন্দ্র উরাং, মদন পাহান, বিশু ঝরা, হেলেন মহালি, ঠাকুর ধন, পলাশ হাজং, কমল ভূমিজ, স্বপন সাঁওতাল, কাঞ্চন পাত্র ও সেমুয়েল কপিল উরাং প্রমুখ।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি সমঅধিকার ও মর্যাদার দাবি-দাওয়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।