‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-এমন হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে চৈতন্যপুর গ্রামের আ. রউফের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, রবিবার সন্ধ্যায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকতার মিয়া'র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আতাউস সামাদকে গ্রেপ্তার করেন।

সম্প্রতি মাধবপুর থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল।

জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে দেওয়া তার হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই স্ট্যাটাসে আতাউস সামাদ লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’ স্ট্যাটাসে তিনি দাবি করেন, তাকে গ্রেপ্তারের জন্য এএসআই দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না।

পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাগারে যেতে হয়েছে বলেও ওই স্ট্যাটাসে দাবি করেন আতাউস সামাদ। তবে ফেসবুক স্ট্যাটাসে নিজের নামে করা ওই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছিলেন এএসআই দেলোয়ার হোসেন।

তিনি বলেন, আতাউস সামাদ তার নামে ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তার কোনো ভিত্তি নেই। দেলোয়ার হোসেন মাধবপুর থানার আওতাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

 




সর্বশেষ সর্বাধিক পঠিত