মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৯ আগস্ট) উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে এই ঘটনাটি ঘটেছে।

ওই এলাকায় যাওয়ার পথে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইট ও পাথর ছুড়ে তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন মমতা। তার দাবি, গাড়ির জানালা বন্ধ না থাকলে ইট-পাথরের আঘাতে তার মাথা ফেটে যেতে পারতো, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারতো।

তবে হামলার ঘটনায় বিজেপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হালিশহরে বিক্ষোভকারীরা মমতার গাড়ি ঘিরে ধরেন। এ সময় গাড়িতে কাদা লাগানো হয় এবং জুতা ও পানির বোতল ছোড়া হয় বলে অভিযোগ।

পরে সাংবাদিকদের মমতা বলেন, পুলিশকে সামনে রেখেই বাইরে থেকে আসা কিছু অসামাজিক ব্যক্তি তার গাড়িতে পাথর ছুড়েছে।

তিনি বলেন, গাড়ির জানালা বন্ধ না থাকলে ইট-পাথরের আঘাতে তার মাথা ফেটে যেতে পারত। এমনকি তিনি মারা যেতে পারতেন। তার দাবি, জীবনে এর আগে কখনো এমন হামলার মুখে পড়েননি।

মমতার অভিযোগ, পুলিশ তাদের নিরাপত্তা দিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তার দাবি, পুলিশ শুধু বিজেপিকে নিরাপত্তা দেয়।

ঘটনার সময় মমতার সঙ্গে থাকা লোকসভা সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সদস্য দোলা সেনও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তবে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিজেপি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। যারা হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে।