পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাকে বা তার দলকে স্তব্ধ করতে চাইলে তাকে হত্যা করতে হবে। দলীয় সংকটের মধ্যে বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় সাম্প্রতিক দলীয় বিদ্রোহ, টিএমসি নেতাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মমতা।
ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমাকে চুপ করাতে হলে আমাকে হত্যা করতে হবে। যদি সেটাই করতে চান, তাহলে সেই চেষ্টায় যেন কোনো ঘাটতি না থাকে।'
মমতা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার দলের নেতাকর্মীদের ওপর হামলা, অপমান ও হয়রানি চালানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি দলের জ্যেষ্ঠ নেতা মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জি ও কল্যাণ ব্যানার্জির নাম উল্লেখ করেন।
তিনি বলেন, 'কাকে আক্রমণ করা হয়নি? মহুয়াকে আক্রমণ করা হয়েছে, অভিষেককে আক্রমণ করা হয়েছে, কল্যাণকে আক্রমণ করা হয়েছে। এমনকি আমার বাড়িতেও হামলা করা হয়েছে।'
এমন সময়ে মমতার এই বক্তব্য এল, যখন টিএমসি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অভ্যন্তরীণ সংকটের মুখে রয়েছে। বিদ্রোহী নেতা ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন একটি গোষ্ঠী দাবি করেছে, তাদের সঙ্গে প্রায় ৬০ জন বিধায়কের সমর্থন রয়েছে। একই সময়ে অন্তত ২০ জন বিদ্রোহী বিধায়ক ত্রিপুরাভিত্তিক ছোট রাজনৈতিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে।
ভিডিও বার্তায় মমতা আরও অভিযোগ করেন, তার দলের অনেক নেতাকর্মী কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মেঝেতে ঘুমাতে বাধ্য করা হচ্ছে, কারও কোমরে দড়ি বেঁধে ও পায়ে শিকল পরিয়ে ঘোরানো হচ্ছে। কারও মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে, আবার কারও গায়ে নোংরা পদার্থ ছুড়ে মারা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তার দাবি, এসব দমন-পীড়ন সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে এবং কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার করবে না।
ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের কয়েকটি সরকারি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মধ্যাহ্নভোজে ডিমের পরিবর্তে নিরামিষ বিকল্প চালুর সিদ্ধান্তেরও সমালোচনা করেন মমতা। তিনি বলেন, সরকার জনগণের মৌলিক চাহিদা উপেক্ষা করে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত।
মমতা বলেন, 'স্কুলের শিশুদের মধ্যাহ্নভোজে ডিম দেওয়া হচ্ছে না। অথচ এসব অদ্ভুত কাজ নিয়েই সরকার ব্যস্ত। এটি কখনোই বাংলার সংস্কৃতি ছিল না। আমরা ১৫ বছর ক্ষমতায় ছিলাম, কিন্তু কখনো পুলিশকে এ ধরনের কাজ করাইনি।'