নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত সচিবের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল।

রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ রবিবার (৯ আগস্ট) সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আবাসন ও রিয়েল এস্টেট খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

সাক্ষাতে দেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

রিহ্যাব নেতারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত সচিবের নেতৃত্বে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে সংগঠনটির সমন্বয় আরও জোরদার হবে। এর মাধ্যমে দেশের আবাসন খাতের উন্নয়ন ও বিকাশে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।