নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। নির্বাচনের আগে আলেম-ওলামাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি হুজুরকে কথা দিয়েছিলেন যে তিনি আসবেন। আল্লাহর রহমতে সরকার গঠন করার পর আজ তিনি সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছেন।
তারেক রহমান বলেন, গত নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যাগুলো এখনো শেষ হয়নি।
বিগত সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এর খেসারত এখন দেশের মানুষকে দিতে হচ্ছে। পরিকল্পনাহীনভাবে কাজ করার কারণেও গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। গ্যাসের চলমান সমস্যা আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে মানুষ ও তাদের সন্তানরা খেয়ে-পরে শান্তিতে বসবাস করতে পারবে। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন বলেও মন্তব্য করেন তিনি। এতে কর্মসংস্থান বাড়বে এবং মানুষের জীবনযাত্রার উন্নতি হবে।
সম্প্রতি বিভিন্ন মহলের বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, নির্বাচনের পর দেশ গঠনের কাজেও সেভাবে একসঙ্গে থাকতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হাসপাতাল, স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করতে হবে। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।
আলেম-ওলামাদের সরকারের সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা সরাসরি সরকারের অংশ না হলেও সহযোগী হিসেবে আছেন। দেশের মানুষকে সঠিক পথে পরিচালনা ও দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শুধু সরকারের একার নয়।
এর আগে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে রবিবার বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারে করে ফটিকছড়িতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করে। সেখানে অপেক্ষমাণ সাধারণ মানুষ তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
