কৃষকের প্রায় দুই লাখ টাকা নষ্ট করল ইঁদুর আর উইপোকা

কখনো দিনমজুর, আবার কখনো রিকশা চালিয়ে রোদ- বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন ঘাম ঝরিয়ে জমিয়েছেন টাকা। তীলে তীলে সঞ্চয় করা টাকা তার কাছে শুধু কাগজের নোট নয়। ছিল ভবিষ্যতের নিরাপত্তা, পরিবারের স্বপ্ন আর দুঃসময়ে বেঁচে থাকার শেষ আশ্রয়। সেই স্বপ্নে ইদুঁর আর উইপোকা ছিন্নভিন্ন করে দিয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের তোফাজ্জল হোসেন (৭০) নামের কৃষকের দীর্ঘদিনের সঞ্চিত প্রায় দুই লাখ টাকা ইঁদুর ও উইপোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। কষ্টার্জিত সেই টাকার বড় অংশ এখন আর ব্যবহারের অনুপযোগী হয়েছে।

নষ্ট টাকা গুলোর হাতে নিয়ে বিলাপ করছেন তিনি। বিভিন্ন ধরনের নোটগুলোতে কোথাও ইঁদুরের দাঁতের দাগ, কোথাও উইপোকার ক্ষত। চোখের সামনে নিজের সঞ্চয়ের এমন করুণ পরিণতি দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও তার পরিবার।

সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ইউপি সদস্য মো. ছোবেদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন গত শুক্রবার বিকেলে নিজের সঞ্চিত অর্থ নষ্ট হওয়ার বিষয়টি টের পান ভুক্তভোগী কৃষক।

তিনি জানান, ক্ষতিগ্রস্থ কৃষক তোফাজ্জল হোসেন কৃষিকাজের পাশাপাশি দিনমজুর, রিকশা চালাতেন। বসতভিটা ছাড়া তার কোনো জমি নেই। দীর্ঘদিন থেকে তিনি অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন।

কিন্তু তিনি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে না রেখে নিজের ঘরেই পুরাতন একটি আলমারিতে কাগজে মুড়ে সংরক্ষণ করেছিলেন। 

গত শুক্রবার সেই সঞ্চিত টাকা বের করতে গিয়ে তার চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। টাকার বান্ডিলে ইঁদুরের কাটা দাগ, কোথাও আবার উইপোকার ছোবল। বহুদিনের অর্জিত সঞ্চয়ী নোটগুলো ছিন্নভিন্ন অবস্থায়।

স্থানীয় বাসিন্দা আতোয়ার রানা বলেন, তোফাজ্জল চাচার টাকা গুলো এমন ভাবে কেটেছে, তা চলার মতো নয়।  সব শেষ হয়ে গেছে। সারা জীবনের আয় নষ্ট হয়েছে গেছে। টাকা গুলো নষ্ট হওয়ায় আমরাও খারাপ লাগছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সরকার দাঁড়ালে পরিবারটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। সেই সাথে সরকারের মানবিকতা ও মহানুভবতাও প্রকাশ পাবে।