দাউদকান্দিতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:৩৯ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মালীগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের মিয়াজী বাড়িতে এ হৃদয়বিদারক  ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু তালেরছেও গ্রামের ইসমাইল মিয়াজীর ছেলে আয়ান (২) এবং জাহিদুর রহমানের ছেলে আদিল (২)। তারা পরস্পর চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে বর্ষার পানিতে ডুবে যায় দুই শিশু। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আল-আমিন মিয়াজী বলেন, সন্ধ্যা পৌনে সাতটা  দিকে দুই শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত