দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ১১

দক্ষিণ আফ্রিকার কেপটাউন মহানগর এলাকায় পৃথক তিন বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হন। খবর: আনাদোলু এজেন্সি

রবিবার (৯ আগস্ট) দেশটির পুলিশ জানায়, কায়েলিতশা, লাঙ্গা ও গুগুলেথু এলাকায় হামলার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ আর জানায়, কায়েলিতশার লিঙ্গেলেথু ওয়েস্ট এলাকায় হামলায় ২৫, ৩১ ও ৩৫ বছর বয়সী তিন ব্যক্তি নিহত হন।

লাঙ্গার কোয়ালাঙ্গা এলাকায় উইনি ম্যান্ডেলা স্ট্রিটে দ্বিতীয় হামলায় চার পুরুষ ও এক নারী নিহত হন।

গুগুলেথুর বার্সেলোনা এলাকায় তৃতীয় হামলায় দুই পুরুষ ও এক নারী নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন।

এসব হামলার কারণ এখনও জানা যায়নি। তবে পশ্চিম কেপ প্রদেশে গ্যাং সহিংসতা ও অবৈধ আগ্নেয়াস্ত্রকে বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে পুলিশ।

পশ্চিম কেপ প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল সিজাকেলে দিয়ান্তি হামলার বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছেন তিনি।