১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল প্রথম রায়।
দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। তিনি একসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ছিলেন।
আত্মসমর্পণের পর জানা যায়, আপিল করার শর্তে রাষ্ট্রপতি তাঁর মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করেছেন। এর ধারাবাহিকতায় তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।
পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আপিল করার জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।