রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে শিল্প ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র রাদমির বেলিয়ায়েভ। নিঝনেকামস্কে রাশিয়ার একটি বড় তেল শোধনাগার রয়েছে। সোমবার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ওই অঞ্চলের তেল শোধনাগারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সবচেয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর শোধনাগারগুলোর একটি এটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাই না করা ভিডিওতে শোধনাগারটির মতো একটি স্থাপনার ওপর ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
জুনের শুরুতেও ইউক্রেনের হামলার শিকার হয়েছিল তাতনেফটের তানেকো তেল শোধনাগার। ২০২৪ সালে শোধনাগারটি ১ কোটি ৭০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে। এ সময় ২৭ লাখ টন পেট্রোল ও ৮৫ লাখ টন ডিজেল উৎপাদন করা হয়।
মেয়র বেলিয়ায়েভ জানান, ইউক্রেনের হামলার পর তাতারস্তানের প্রধান রুস্তাম মিনিখানভ শোক পালনের সময় ঘোষণা করেছেন।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা আরও জোরদার করেছে ইউক্রেন। এর ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ বলছে, শুরুতে তৈরি হওয়া বেশিরভাগ সংকট এরই মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।